বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও খন্দকার মাহবুব হোসেনসহ চার নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১৯টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার (১১ অক্টোবর) বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল জারিসহ এ স্থগিতাদেশ দেন।
রুলে মামলাগুলো কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ রানা ও আশিফা আশরাফী পাপিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে আসামিদের আইনজীবী মাসুদ রানা জানান, রাজধানী ঢাকায় বিভিন্ন সময়ে দায়ের করা নাশকতার মামলাগুলোর মধ্যে সেলিমা রহমানের বিরুদ্ধে ১২টি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে ১টি, আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ২টি ও হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ৪টি মামলা স্থগিত করেছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির জানান, আসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে মামলাগুলোর কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের প্রস্তুতি নিয়েছে, বলেও বাংলা ট্রিবিউনকে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।








