হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ইউসুফ চৌধুরী নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই যাত্রীকে নজরদারিতে রাখা হয়। সে ফ্লাই দুবাই এয়ারলাইন্সে দুপুর ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামেন। কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে গ্রিন চ্যানেল পেরিয়ে চলে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। এ সময় নিজের কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করে সে।
এরপর তল্লাশি করে ওই যাত্রীর লাগেজব্যাগের হ্যান্ডেল থেকে ৯টি সোনার পাত উদ্ধার করা হয়। এগুলোর ওজন ৩৩০ গ্রাম। আটক স্বর্ণের মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দাদের ফাঁকি দিতে বিশেষ কায়দায় সোনার বার গলিয়ে সোনার পাতে পরিণত করে লাগেজের হ্যান্ডেলের ভেতরে লুকিয়ে রাখে বলে স্বীকার করেছে ইউসুফ। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ইউসুফ চৌধুরী হলো ফেনীর ছাগলনাইয়ার ফয়েজ আহম্মদের ছেলে। পাসপোর্টে দেখা যায়, চলতি বছরে ছয়বার দুবাইয়ে যাতায়াত করেছে আটক এই যাত্রী। তবে প্রতিবারই সে সোনা নিয়ে এসেছিল কিনা তা খতিয়ে দেখছেন শুল্ক গোয়েন্দারা।








