পিলখানা হত্যা মামলায় ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।
রায়ে বিচারিক আদালতে পাওয়া মৃত্যুদণ্ড পাওয়া ৮ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন, যাবজ্জীবন প্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ সাজা বহাল রাখে হাইকোর্ট। এছাড়া বিচারিক আদালতে খালাসপ্রাপ্তদের মধ্যে থেকে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের সাজা বহাল রাখে হাইকোর্ট। এর মধ্যে ১২ জনকে খালাস দেওয়া হয়। এছাড়া মামলা চলাকালীন ২ জন মারা যান।
পাশাপাশি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে ১৮২ জনের ১০ বছরের সাজা বহাল, ২ জনকে ১৩ বছরের সাজা, ৮ জনের ৭ বছর, ৪ জনের ৩ বছর এবং ২৯ আসামিকে খালাস দেওয়া হয়। এর মধ্যে কারাগারে মারা গেছেন ৩ জন আসামি।
অন্যদিকে, বিচারিক আদালতে খালাস পাওয়া ৬৯ আসামির বিরুদ্ধে রাষ্টপক্ষের করা আপিল আংশিক মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে, খালাস প্রাপ্তদের মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জনকে ৭ বছরের কারাদণ্ড এবং ৩৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
প্রসঙ্গত যে, পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ১৫২ আসামির মধ্যে ১৩৯ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
এর আগে সকাল ১০টার পর থেকে হাইকোর্ট দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন। বিরতির পর দুপুর ২টা ৩৬ মিনিটে আবারও রায় পড়া শুরু হয়।
আরও পড়ুন: পিলখানা হত্যা মামলা: ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল








