৫৭ ধারা বাতিল হলেও এই ধারায় দায়ের হওয়া মামলাগুলো বাতিল হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘৫৭ ধারায় দায়ের মামলাগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। আর নতুন যে আইন হচ্ছে সেটা না দেখে কোনও মন্তব্য করা যাবে না।’
সোমবার (২৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে পুলিশ সদর দফতরে ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
বইটি সম্পর্কে তিনি বলেন, পুলিশ সদস্যরা যাতে সেসময়ের পুলিশ বাহিনীর অবদান সম্পর্কে জানতে পারে সেজন্যই এই প্রচেষ্টা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশ প্রথম যে প্রতিরোধ গড়ে তোলে, তার পেছনের মনোবল ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।’
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ সোমবার মন্ত্রিসভায় জেল জরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইনটি সংসদে পাস হলে আইসিটি অ্যাক্টের ৫৪, ৫৫, ৫৬, ৫৭ ও ৬৬ ধারা পুরোপুরি বিলুপ্ত করা হবে।








