রাজধানীর উত্তরায় আলামিন (৩০) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করে তার সঙ্গে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।
উত্তরার পশ্চিম থানার ওসি আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরায় বিকাশের নির্ভর নামে একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করেতেন আলামিন। আজ সকাল সাড়ে ১০ টায় তিনি উত্তরার ৫ নম্বর সেক্টরের ৪ সম্বর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকার নিয়ে আসা ৪-৫ ছিনতাইকারী তার উরুতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৮ লাখ টাকা নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে , অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলামিনের মৃত্যু হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।’
এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আশপাশের বাসা ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা করছেন।








