রাজধানীর কাফরুল এলাকা থেকে ৯০টি পেট্রোল বোমাসহ বিএনপি ও শিবিরের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রবিবার বিকালে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এসআই ওয়াহেদুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে কাফরুলের ইব্রাহীমপুর এলাকার স্বাধীনতা চত্বর এলাকার মাঠ থেকে তিন জনকে গোপন গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে, যেগুলোর ভেতরে ৩০টি করে মোট ৯০ টি পেট্রোল বোমা ছিল।’
গ্রেফতারকৃতদের নাম, তরিকুল ইসলাম তেনজিল (৪০), নিয়ম কুমার (৩৮) ও মহিদুল (৩৬)। এর মধ্যে তরিকুল ইসলাম তেনজিল কাফরুল থানা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক। নিয়ম কুমার সেচ্ছাসেবক দলের নেতা। মহিদুল শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এসআই ওয়াহেদুল বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা নাশকতার জন্য বিপুল সংখ্যক পেট্রোল বোমা জমিয়ে ছিল।’








