পুরান ঢাকার শাঁখারীবাজারে হোলি উৎসবে কলেজছাত্র রওনক হোসেন রনোকে খুনের সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজন হত্যার বিষয়ে তথ্য দিয়েছে। কেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো তাও জানিয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, প্রেমের কারণে রওনককে হত্যা করা হতে পারে।
প্রসঙ্গত, ১ মার্চ বেলা ১২টার দিকে শাঁখারীবাজার এলাকায় হোলি উৎসবের ভিড়ের মধ্যেই কলেজছাত্র রওনককে (১৮) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর দুপুর সোয়া ১টার দিকে তিনি মারা যান। রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। কামরাঙ্গীরচরে রনি মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।








