রাজধানীর তেজগাঁওয়ে কাজী মারুফ আহম্মেদ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি অ্যাপস ভিত্তিক মোটরসাইকেল সেবা পাঠাও’র রাইডার (চালক) ছিলেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের আড়ং চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরির্দশ (এসআই) শোভন কুমার বাংলা ট্রিবিউনককে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। তিনি স্পটেই মারা যান। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পাঠাও-এর রাইডার ছিলেন।’
এসআই বলেন, মারুফের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ঘোড়ারচর এলাকায়। ঢাকায় কালাচাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।








