তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘সন্ত্রাসের জনক’ অভিহিত করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
আদালতের বেঞ্চ সহকারী তানবির রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিচারক বাদীর জবানবন্দি নিয়েছেন। তিনি ১৭ এপ্রিলের মধ্যে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ মার্চ বগুড়ার একটি হোটেলে সাংবাদিক ও পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাহমুদুর রহমান। এ সময় তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, বাংলাদেশে সন্ত্রাসের আমদানি করেছেন বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মাহমুদুর রহমান বলেন, ‘আমরা যারা বয়সে প্রবীণ তারা জানি, বাংলাদেশে সন্ত্রাসের জনকের নাম হাসানুল হক ইনু।’
মাহমুদুর রহমানের এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং এই বক্তব্য বহির্বিশ্বে বাংলাদেশের সম্মানহানি করেছে বলে উল্লেখ করা হয় মামলায়। এতে বলা হয়, মাহমুদুর রহমানের বক্তব্যে এক হাজার কোটি টাকা সমমূল্যের সম্মানহানি হয়েছে।
আরও পড়ুন-
শফিক রেহমানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা








