একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলীসহ চার আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার (১৩ মার্চ) দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আমির আহম্মেদ ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন আবুল কালাম ওরফে একেএম মনসুর, জয়নাল আবদিন ও আব্দুল কুদ্দুস। তবে এ মামলায় এখনও পলাতক আবুল কালাম ওরফে একেএম মনসুর।
সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় ট্রাইব্যুনালে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম আযাদ।
এর আগে ৬ ফেব্রুয়ারি মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
আদালতে প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, প্রসিকিউটর রেজিয়া সুলতানা প্রমুখ। আর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী তারিকুল ইসলাম, গাজী এইচএম তামিম, মাসুদ রানা প্রমুখ।
২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।








