রাজধানীর গুলিস্থানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোঁড়ার অভিযোগে ছাত্রলীগের দুই নেতাসহ অপর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান। তাদের সঙ্গে আরও কয়েকজনকে এ মামলায় আসামি করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আদালতে (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা) মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার (৩ এপ্রিল ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।
মামলার অভিযোগ: ২০১৭ সালের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করতে দেখা যায়।
ওই ঘটনায় শাহবাগ থানায় পুলিশের ) মো. মান্নান (উপপরিদর্শক) ছাত্রলীগের দুই নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।








