পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী কেন চিকিৎসা প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার স্থাপনের নির্দেশনা দেওয়া হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়া) বিধিমালা ২০০৮-এর-৩ বিধি অনুসারে দেশের প্রতিটি প্রশাসনিক বিভাগে কেন বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের নির্দেশনা দেওয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রবিবার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতের রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, পরিবেশ ও বন অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিবেশ ও বন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়ানগস্টিক মালিক সমিতির মহাসচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন অ্যাফিডেবিট আকারে আগামী ২২ জুলাই সংশ্লিষ্টদের জমা দিতে বলে শুনানির জন্য ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি একটি ইংরেজি জাতীয় দৈনিকে ‘Hazardous waste heaped in open bins’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।এতে বলা হয়, চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতালের বর্জ্য উন্মুক্তস্থানে স্তূপিকৃত আকারে খোলা স্থানে ফেলে রাখায় স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এর ফলে চট্টগ্রামের অধিকাংশ হাসপাতালে পরিবেশ ছাড়পত্র ছাড়া সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরে ওই নিউজের পরিপ্রেক্ষিতে গত ১৪ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সাংবাদিক মো. আল আমীন সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান। কিন্তু সেই নোটিশের কোনও জবাব না পাওয়ায় গত ১ এপ্রিল তিনি রিট দায়ের করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।
প্রসঙ্গত, পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর ৭ (৬)(গ)(আ)- তে বলা হয়েছে, ‘প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন, যার সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রসেস ফ্লো ডায়াগ্রাম, লে আউট প্ল্যান (বর্জ্য পরিশোধনাগারের অবস্থান নির্দেশিত), বর্জ্য পরিশোধনাগারের নকশা সংযুক্ত থাকবে (কেবল প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে প্রযোজ্য)। এছাড়া, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়া) বিধিমালা ২০০৮-এর বিধি-৩-এ আইনের বিধান সাপেক্ষে এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে একটি কর্তৃপক্ষ গঠন করার নির্দেশনা রয়েছে।







