রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ পিছিয়ে আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় এই আদেশ দেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, ‘মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির এ প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই নতুন দিন ধার্য করেন।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই গুলশান এলাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালায়। দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন ওই হামলায় নিহত হয়।
এ ঘটনায় পরবর্তীতে ২ জুলাই সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। পরে, ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।








