ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় আসামি শরিফুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন।
মিরপুর থানার দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনার রহস্য উদঘাটনের জন্য বুধবার দুপুরে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মামলা তদন্ত কর্মকর্তা সাইবার পুলিশের উপ-পরিদর্শক এ ই এম ফজলে রাব্বীর করা আবেদনের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবু ইউসুফ এই তথ্য জানান।
আরও পড়ুন: হাতঘড়ির বিশেষ ডিভাইসে এটিএম কার্ডের তথ্য চুরি করতো শরিফুল
উল্লেখ্য, সম্প্রতি ৫টি ব্যাংকের কার্ড জালিয়াতি করে অর্থ আত্মসাতের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে শরিফুল ইসলামকে (৩৩) গ্রেফতার করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের ১ হাজার ৪০০টি ক্লোন কার্ড, একটি ম্যাগনেটিক স্ট্রিপ কার্ড রিডার ও রাইটার, তিনটি পজ মেশিন, গ্রাহকদের তথ্য চুরিতে ব্যবহৃত সচল ডিজিটাল হাতঘড়ি, দু’টি মিনি কার্ড রিডার ডিভাইস, পাসপোর্ট ১৪টি, ৮টি মোবাইল ফোন, ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস ক্রেডিট কার্ড একটি ও ৩টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।








