শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় তিন নাগরিকের কাছ থেকে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এগুলো জব্দ করে। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যাংকক থেকে আগত বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-৮৯৩ এর তিন যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
অথেলো চৌধুরী জানান, ভারতের দিল্লীর বাসিন্দা রেখার (৪৬) শরীরের বিভিন্ন স্থান থেকে ০.৮১ কেজি, উর্মিলার (৫০) রেক্টাম থেকে ০.৯১ কেজি ও প্রকাশের (৩৫) রেক্টাম থেকে ০.৫৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৩শ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
তিনি বলেন, ‘যাত্রীরা গ্রীন চ্যানেল অতিক্রমকালে গতিবধি সন্দেহজনক মনে হয়। শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন। পরে তাদের দেহ তল্লাশি ও মেডিক্যাল স্ক্যান করে স্বর্ণের অস্ত্বিত্বের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। যাত্রীদের থানায় সোপর্দ করা হচ্ছে এবং একইসঙ্গে কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








