বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ জুন ধার্য করেছেন আদালত।
রবিবার (১৩ মে) রাজধানীর বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৯ এর বিচারক মাহমুদুল কবির খালেদা জিয়ার পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আমরা আদালতকে বিষয়টি অবহিত করেছি। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ জুন দিন ধার্য করেছেন।’
গত ৫ মে এ মামলায় অরেক আসামি শফিউল রহমান মারা যাওয়ায় তার আইনজীবীরা আদালতকে বিষয়টি অবহিত করেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন , সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।







