দক্ষিণ থানায় দায়ের করা মাদকের মামলায় গ্রেফতার এক রোহিঙ্গা নাগরিকসহ ৫ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক লস্কর সোহেল রানা এ আসামির জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
আসামিরা হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লেদা গ্রামের মামুন শেখ, মো. শরিফুল, ফাহিম সরকার, রাজিব হোসেন ও রোহিঙ্গা নাগরিক মো. সেলিম মোল্যা ।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের বিমানবন্দর জোনাল টিমের (উপ-পরিদর্শক) মো. নূর আলম সিদ্দিক এ আসামীদের ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন।
উল্লেখ্য, গত ২৭ মে রাতে রাজধানীর দক্ষিণখান থানাধীন পূর্ব গাওয়াইর এলাকা থেকে এ আসামিদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ। ওই সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ২৮ মে আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।








