তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৫ জুলাই) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে উপস্থিত হন তিনি। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তা দিতে ব্যর্থ হয়েছেন।
প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বেগম এই তথ্য জানান।
গত ১১ জুন আসিফকে ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন ঢাকা মহানগর হাকিম বিচারক কেশব রায় চৌধুরী। ওইদিনই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
তেজগাঁও থানায় গীতিকার শফিক তুহিনের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার হন আসিফ আকবর। গত ৫ জুন দিবাগত রাত দেড়টায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম এফডিসি সংলগ্ন কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।








