রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো মো. আবুল হোসেন (৪১) ও মো. শাহ আলম (৪০)। শুক্রবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে কদমতলীর পলাশপুর জিয়া সরণির ৮৪৭ নম্বর বাড়িতে ধরা পড়ে তারা। সেখানে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জিয়া সরণির তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে পাশাপাশি দুটি ফ্ল্যাট থেকে দুইজনকে আটক করা হয়। তাদের মধ্যে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আবুল হোসেনকে এবং ৫৫ বোতল ফেনসিডিলসহ শাহ আলম ধরা পড়েছে আমাদের হাতে।’
পুলিশের তথ্যানুযায়ী, গ্রেফতার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদক ও অস্ত্র সংক্রান্ত পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি এমএ জলিল।








