স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও সচিবের সাক্ষর জাল করারর অপরাধে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে সিআইডি। রবিবার (১২ আগস্ট) রাতে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিক বলেন, ‘আব্দুল কুদ্দুস বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অফিস সহকারী। সে নার্সদের প্রশিক্ষণে বিদেশ পাঠানোর আবেদনপত্রে মন্ত্রী ও সচিবদের স্বাক্ষর জাল করে জমা দিতো। এজন্য প্রার্থীদের কাছ থেকে ২০-৩০ হাজার করে টাকা নিতো। এই ঘটনায় গত বছর শেরে বাংলা থানায় একটি মামলা হয়। তখন একজনকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তবে মূল হোতা কুদ্দুস। সে স্বাক্ষর জাল করে জালিয়াতি করেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’








