রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিতুমীর কলেজে ছাত্র রাজীব হোসেনের হাত কাটার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (১৩ আগস্ট ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু শাহবাগ থানার পুলিশের (উপ-পরিদর্শক) আফতাব আলী মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের রেষারেষিতে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ২৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পেনাল কোডের ৩০৪ (খ) ধারায় বেফরোয়া যান চলালের কারণে মৃত্যুর ধারায় সংযোজন করার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।








