জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাশ চেয়ে করা আপিল আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকার ১ নম্বরে রাখা হয়েছে। এর ফলে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আবেদনটির ওপর আজ মঙ্গলবার (২ অক্টোবর) শুনানি শুরু হবে। সোমবার (১ অক্টোবর) খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এহসানুর রহমান বলেন, ‘গত ১৩ আগস্ট খালেদা জিয়ার আপিলের ওপর ১৫তম দিনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম ২ অক্টোবর পর্যন্ত মুলতবি রাখার আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
এর আগে গত ১২, ১৫, ১৬, ১৭, ১৮, ২২, ২৩, ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জুলাই, ৮ ও ১৩ আগস্টসহ মোট ১৫ দিন খালেদা জিয়ার আপিলের ওপর হাইকোর্টে শুনানি হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে। খালেদা জিয়ার আপিল ছাড়াও শুনানির অপেক্ষায় থাকা এ মামলার আরও তিনটি আবেদন হলো- খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।








