রাজধানীতে এক মোটসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল আরোহী হালিমা আক্তার (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মুস্তাফিজুর রহমান নামে একজন আহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ির শনির আখড়ার রায়েরবাগে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার পথে (ঢালে) এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই বাচ্চু মিয়া একথা জানিয়েছেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় হালিমাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
হালিমার ভাই মুস্তাফিজুর রহমান জানান, তারা ডেমরার সারুলিয়ার দক্ষিণ টেংরা এলাকায় থাকেন। ছোট বোনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে কাকরাইলে নিয়ে যাচ্ছিলেন। মেয়র হানিফ ফ্লাইওভারের শনির আখড়ার ঢালে আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা সবাই কমবেশি আহত হয়। হালিমার মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আঘাত পায় সে। পরে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপর মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ।
তিনি আরও জানান, তার বোনের তিন সন্তান। বোন ডেমরায় বাবা মায়ের সঙ্গেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে হালিমা ছিল চতুর্থ।








