শিশু আহনাছ তাহহিমের মা জাকিয়া আক্তার ও বাবা মাহবুব আলমের দাম্পত্য সম্পর্ক উন্নয়নে তাদের ১৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি শেষে রবিবার (৭ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মাহবুব আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। তার সঙ্গে ছিলেন– অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও তাষার রায়। অন্যদিকে, জাকিয়া আক্তারের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট কাজী মো. সাজোয়ার হোসেন।
রবিবার শুনানির শুরুতে সাজোয়ার হোসেন আদালতকে বলেন, ‘সন্তানটি তার মায়ের কাছে থাকুক। সন্তানকে কাছে না পেয়ে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।’ এসময় রেজাউল করিম বলেন, ‘তাদের সম্পর্ক উন্নয়নে আপনারা সময় দিয়েছিলেন। কিন্তু কোনও উন্নতি হয়নি। এ মামলায় পর্দার আড়ালে অনেক কিছুই আছে সেগুলো এখানে সবার সামনে আনা ঠিক হবে না।’
এক পর্যায়ে সাজোয়ার হোসেন বলেন, ‘আমাদের কাছে কিছু ছবি আছে, সেগুলো দেখাতে চাই।’ তখন রেজাউল করিম বলেন, ‘আমার কাছেও প্রেমের ডায়েরি (জাকিয়া আক্তারের) রয়েছে।’
এসময় আদালত তাহহিমের বাবা-মাকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত সময় দেন এবং ওইদিন পুনরায় সবাইকে হাজির থাকতে বলেন। এছাড়াও এই সময়ের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে বলা হয়েছে। আর এ সময়ের মধ্যে তাহহিম তার বাবার কাছেই থাকবে। তবে প্রতি শুক্র ও শনিবার শিশুটিকে তার মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১২ সালের ৫ অক্টোবর মাহবুব আলমের সঙ্গে জাকিয়া আক্তার পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাহবুব আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর জাকিয়া আক্তার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ‘র শিক্ষার্থী। তাদের সংসারে তিন বছর আট মাস বয়সী শিশু সন্তান আহনাছ তাহহিম রয়েছে।
বিয়ের কয়েক বছর পর পারিবারিক কলহে জড়িয়ে পড়েন মাহবুব ও জাকিয়া। এরপর নিজেদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা না ঘটলেও, প্রায় আড়াই বছর ধরে নিজ নিজ বাবার বাড়িতে আলাদা থাকেন। এসময় তাহহিম তার মায়ের কাছেই থাকতো।
গত জুলাই মাসে মাহবুব শিশু তাহহিমকে দাওয়াত খাওয়ার কথা বলে নিজের কাছে নিয়ে যান। এরপর শিশুকে আর তার মায়ের কাছে ফিরিয়ে না দেওয়ায় সন্তানকে নিজের কাছে নিতে হাইকোর্টে রিট দায়ের করেন জাকিয়া।
সে রিটের শুনানি নিয়ে গত ১০ জুলাই শিশু আহনাছ তাহহিমকে কেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুটিকে সঙ্গে নিয়ে তার বাবা মাহবুব আলমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে মাহবুব তার সন্তান তাহহিমকে নিয়ে গত ৮ আগস্ট আদালতে হাজিরা দেন। এসময় তাহহিমের মা জাকিয়া আক্তারও আদালতে হাজির ছিলেন।
শুনানির এক পর্যায়ে বিচারপতিরা শিশু তাহহিম ও তার বাবা-মা এবং উভয়পক্ষের আইনজীবীদের খাস কামরায় ডেকে বিস্তারিত শোনেন। পরে সংসার এবং সন্তানের কথা চিন্তুা করে দুজনকে পুনরায় মিলে যেতে অনুরোধ করেন এবং তাদের সম্পর্ক উন্নয়নে সময় দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৭ অক্টোবর) তাহহিমকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন তার বাবা-মা।








