রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে ছিনতাইকালে পুলিশের গুলিতে রফিকুল (২৯) নামে এক ছিনতাইকারী আহত হয়েছে। এই ঘটনায় আহত ছিনতাইকারী রফিকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আহত ছিনতাইকারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
ওসি বলেন, ‘খিলগাঁও খিদমা হাসপাতালের সামনে মোটরসাইকেল যোগে ২ ছিনতাইকারী রিকশাআরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর পথরোধ করে ছিনতাই করছিল। ওই ছাত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশের একটি টিম ২ ছিনতাইকারীকে ধরার চেষ্টা করে। তখন তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক ছিনতাইকারী এসআই সরোয়ারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গুলি ছুড়লে তার বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। এ সময় আহত ছিনতাইকারীসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীকেও থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আটক দু’জন পেশাদার ছিনতাইকারী।’








