র্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের ব্যানারে সংগঠিত হচ্ছে জেএমবি। আধুনিক ও উচ্চশিক্ষায় শিক্ষিত পেশাজীবীদের নিয়ে নতুনভাবে সংগঠিত হচ্ছে গ্রুপটি। এই গ্রুপের আটজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৫ নভেম্বর) র্যাব ১ ও ২ এর যৌথ অভিযানে রাজধানী মোহাম্মদপুর, ভাটারা ও কলাবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলো- মো. আরাফাত আজম (৩০), রাশেদ আলম বাঁধন (২৮), মীর আফজাল আলী (৩৭), মাহাদী হাসান (২৩), রাদিউজ্জামান হাওলাদার অনিক (২৭), জালাল উদ্দিন শোভন (২৮), জারির তাইসির (২৬) ও আসিফুর রহমান (২৮)।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান সোমবার (২৬ নভেম্বর) কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জেএমবি র্যাডিক্যাল ইয়ুথ গ্রুপ প্রাথমিকভাবে মোহাম্মদপুর এলাকায় সংগঠিত হলেও বর্তমানে তাদের নেটওয়ার্ক কলাবাগান ও ভাটারা এলাকাসহ আরও বেশ কয়েকটি এলাকায় বিস্তার ঘটেছে। এই গ্রুপের প্রায় ৩০-৩৫ জন সদস্য গ্রেফতার হয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং পেশাজীবী।’
র্যাবের মুখপাত্র আরও বলেন, ‘এই দলটি ২০১৪ সালে জঙ্গি বাশারুজ্জামান চকলেটের (হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের মধ্যে অন্যতম) তত্ত্বাবধানে গড়ে উঠেছে। বাশারুজ্জামান চকলেটের সান্নিধ্যে এসছে এরকম অনেকেই রয়েছে এই গ্রুপে। তার মধ্যে মাহাদী, শোভন ও বাঁধন অন্যতম।’ এই গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।








