ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনারি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে এ মামলাটির তদন্ত চার মাসের মধ্যে নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৮ জুলাই হাইকোর্ট এ আদেশ দেন।
২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায় হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলাটি করে দুদক।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেন।
২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন।
গত মার্চ মাসে তারা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন উল্লেখ করে খুরশীদ আলম খান আরও বলেন, ‘এ অবস্থায় নাজমুল হুদা মামলা বাতিলে আবেদন করেছিলেন। কিন্তু শুনানি শেষে আদালত তার আবেদন নিষ্পত্তি করে ৪ মাসের মধ্যে এ মামলার তদন্ত প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন।








