পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৯, ১৩:৫০আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৪:২৯

গ্রিন লাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকার (ফাইল ছবি) বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের প্রথম কিস্তি পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গ্রিন লাইন কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের ৪৫ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তি হিসেবে পাঁচ লাখ টাকা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
রবিবার (২১ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া আদালত মামলার পরবর্তী আদেশের জন্য আগামী ২৮ জুলাই দিন নির্ধারণ করেন।
আদালতের গ্রিন লাইন পরিবহনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। এ সময় রিটের পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার সামসুল হক রেজা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আলম মাহমুদ বাশার।
এর আগে গত ২৫ জুন রাসেলকে ক্ষতিপূরণের অবশিষ্ট ৪৫ লাখ টাকা কিস্তি আকারে প্রতি মাসে পাঁচ লাখ টাকা করে পরিশোধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করে সে মাসের ১৫ তারিখ আদালতকে জানাতে এবং পরদিন ১৬ তারিখ মামলার শুনানির জন্য নির্ধারণ রেখেছিলেন আদালত। কিন্তু চলতি মাসের সাত তারিখের মধ্যে রাসেল কিংবা গ্রিন লাইন পরিবহন তাদের নিজেদের আইনজীবীর সঙ্গে যোগাযোগ না করার বিষয়টি আদালতকে জানানো হয় এবং পরিবহন কর্তৃপক্ষের আইনজীবী হিসেবে ওজি উল্লাহ তার নাম প্রত্যাহার করে নেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের (২৩) বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পা হারানো রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম। গ্রামের বাড়ি গাইবান্ধার জেলার পলাশবাড়িতে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিং এলাকায় তার বাসা।

এ ঘটনায় সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে রাসেলের ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। পরে আদালত ওই রিটের শুনানি নিয়ে গত ২০ মার্চ রুল জারিসহ রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। একইসঙ্গে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলা হয়। এরপর রাসেলকে পাঁচ লাখ টাকার চেক ও তার কৃত্রিম পা সংযোজন করে পরিবহন কর্তৃপক্ষ।

/বিআই/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম