নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী ময়েজ আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।’
এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হন নেতাকর্মীরা। সেখানে সমাবেশ শেষে ২০-৩০ হাজার মানুষ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশে রওনা হলে মিছিলে বোমা নিক্ষেপ করা হয়। পরে ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জন।








