বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী ২৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর ) মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, যেহেতু খালেদা জিয়া হাসপাতালে ভর্তি। তাছাড়া কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। এরপর শুনানি শেষে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন পরবর্তী নতুন দিন ধার্য করেন।
বুধবার দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলার ২৪ আসামির চার জন মারা গেছেন। বর্তমান আসামির সংখ্যা ২০ জন।








