রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউ জিয়ান হুকে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আব্দুর রউফ ও ইনামুল হক। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এবং মোহাম্মদ জসিমের আদালত জবানবন্দি গ্রহণ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক আসামিদের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
গত মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৮ ডিসেম্বর তাদের আদালতে হাজির করলে চার দিনের রিমান্ডে পাঠান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউ জিয়ান হু’র মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন। ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।








