অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা (নম্বর ১১৯) দায়ের করা হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঢাকা মেট্রো-পূর্ব) কানিজ ফাতেমা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
কানিজ ফাতেমা বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার ও এক লাখ বিশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তারা তিতাস গ্যাসের লাইন সংযোগকারী প্রতারক চক্রের সক্রিয় সদস্য। ঢাকা শহরের বিভিন্ন বাসা-বাড়ি, বাণিজ্যিক ভবন এবং রেস্তোরাঁয় তিতাস গ্যাসের অফিসার ও ঠিকাদার পরিচয় দিয়ে তারা অবৈধ লাইন সংযোগ দিয়ে আসছিল। অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় বলে সিআইডি প্রমাণ পেয়েছে।’
কানিজ ফাতেমা জানান, গ্রেফতার পাঁচ জন ও তাদের সহযোগীরা মিলে বংশাল থানার আগামাছি লেন এলাকার বাসিন্দা আল মাসুদের কাছ থেকে ৪৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। তার ক্যাফে আল মাসুদ খাবারের হোটেলে তিতাস গ্যাসের ৩০০ সিএফটি গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে ২০১৯ সালের ৩১ সেপ্টেম্বর তারা এসব টাকা নিয়েছিল।
গ্রেফতার পাঁচ জন হলো- মো. শাহাদত খান (৪৫), মো. আফতাই উদ্দিন রাহাত (২৪), মো. জাহিদুর রহমান ওরফে জাবেদ (৪৩), জাহাঙ্গীর আলম (৫০) ও মো. ফরিদ হোসেন ওরফে আসলাম (৪০)।








