উপাচার্যের সঙ্গে থাকার আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২০, ০১:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০২:০১

শিক্ষার্থীদের অনশন ভাঙাচ্ছেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে অনশন ভাঙান তিনি। এ সময় দাবি আদায়ে শিক্ষার্থীদের সঙ্গে থাকার আশ্বাস দেন উপাচার্য।

অনশন ভাঙানোর সময় উপাচার্যের সঙ্গে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর আবদুর রহিম, ডাকসুর সাহিত্য সম্পাদক মাযহারুল ইসলাম শয়ন, সদস্য ফরিদা পারভীন, রাকিবুল ইসলাম ঐতিহ্য, মাহমুদুর রহমান প্রমুখ।
নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে গত সোমবার (৬ জানুয়ারি) ভোর থেকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন দর্শন বিভাগের শিক্ষার্থী সিফাতুল ইসলাম। পরে তার সঙ্গে যুক্ত হন আরও তিন জন। তারা হলেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সদস্য সাইফুল ইসলাম রাসেল, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের মোস্তাফিজুর রহমান, ইতিহাস বিভাগের ছাত্র ও মুহসীন হল ছাত্র সংসদের সদস্য আবদুর রহমান।
অনশন ভাঙাতে গেলে ধর্ষণের বিচারসহ শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি তুলে ধরেন এবং সিফাতুল ইসলাম উপাচার্যকে ২০ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেন। উপাচার্য প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন এবং প্রস্তাবটিকে যৌক্তিক বলে মন্তব্য করেন। এরপর উপাচার্য তাদের জুস ও পানি খাইয়ে অনশন ভাঙান।
উপাচার্য বলেন, ‘এ ঘটনায় সরকারের ওপরের মহলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। যেহেতু ঘটনার সঙ্গে আমরাই জড়িত হয়ে পড়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, এটাই আমরা প্রত্যাশা করবো।’
এ সময় অনশনকারীদের একজন বলেন, ‘অনেক সময় আইনের ফাঁক-ফোকড় দিয়ে অনেক অপরাধী বের হয়ে যায়।’ তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘এর চেয়ে জঘন্য নির্যাতন আর হতে পারে না। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তিই আমাদের প্রত্যাশা।’
আখতারুজ্জামান আরও বলেন, ‘তোমাদের আন্দোলনের সঙ্গে আমরা একমত রয়েছি। দাবি যদি অর্জন না হয়, তাহলে আমিও তোমাদের সঙ্গে অবস্থানে যাবো। তোমরা আমাদের সন্তান। কোনোক্রমেই আমরা তোমাদের ক্ষতি চাইবো না।’
প্রসঙ্গত, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অপরাধীকে শনাক্ত, গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম