আসন্ন ঢাকা সিটি নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মহা. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নিরাপত্তা ঝুঁকি নেই। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত একমাস ধরে ঢাকায় নিরবিচ্ছিন্নভাবে নির্বাচনি প্রচারণা চলছে। এক-দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি।’
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘এক মাসের প্রস্তুতিতে সাধারণ মানুষের বার্তা পাওয়ার কথা যে নির্বাচন আনন্দমুখর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। প্রত্যাশা করছি যেসব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রার্থীরা যদি সুষ্ঠু পরিবেশ বজার রাখবে। তাহলে আমরা পুলিশের পক্ষ থেকে কথা দিতে পারি, প্রতিটি নাগরিকদের নিরাপত্তার জন্য ডিএমপি প্রস্তুত।’
নির্বাচনের ঢাকার বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে, এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচনি প্রচার প্রচারণা চালানোর জন্য, ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে। বিষয়টি অস্বীকার করার কোনও উপায় নেই। আমরা এসব লোকজনের সম্পর্কে খোঁজ নিচ্ছি। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ অথবা মামলা আছে কিনা, গোয়েন্দা টিম সেটি জানতে কাজ করছে। তবে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে পারলে, ওই সব স্থানে আমরা অভিযান চালাবো। তবে গণঅভিযান করে মানুষের মনে ভীতি সৃষ্টি করতে চাই না।’
নির্বাচনে জাল ভোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এবার নির্বাচনের ভোট ইভিএম-এ হবে। এ বিষয়টি দেখার জন্য নির্বাচন কমিশন রয়েছে। আমার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া। আমরা সেটি নিশ্চিত করবো।’








