কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জি কে শামীম) রিসোর্ট ব্যবসার দুই অংশীদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেডের পরিচালক মিনারুল আলম চাকলাদার ও এস এইচ মোহাম্মদ মহসিন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৯ জানুয়ারি জি কে শামীমের রিসোর্ট ব্যবসার ৭ অংশীদারকে তলব করে নোটিশ পাঠান দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ওই তলবের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলো।
৫ ফেব্রুয়ারি সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা কোম্পানি লিমিটেডের পরিচালক জামিল উদ্দিন শুভ, জিয়া উদ্দিন আবির ও জাওয়াদ উদ্দিন আবরারকে এবং ৬ ফেব্রয়ারি কোম্পানির এমডি জসিম উদ্দিন মন্টু ও পরিচালক ফজলুল করিম চৌধুরী স্বপনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।
প্রসঙ্গত, গত বছরের ২০ সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেফতার হন জি কে শামীম। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে জি কে শামীম তার সিন্ডিকেটের সদস্য হিসেবে বেশ কয়েকজন ঠিকাদার, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে বলে জানান দুদকের এক কর্মকর্তা।








