বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৬ জনকে বদলি করা হয়েছে। বদলি হওয়ার কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ৫ কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১ কর্মকর্তা রয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো.সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৯ ফেব্রুয়ারি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল আহমেদকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামকে সিলেটের ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন সাগরকে খাগড়াছড়ির ৬ষ্ঠ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে খুলনার ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।








