রাজধানীর শ্যামলীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম হানিফ মিয়া ওরফে শাহীন বিশ্বাস (৩৮)। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার জানান, শনিবার রাত ১১টার দিকে শ্যামলী কিডনি হাসপাতালের সামনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে সন্দেহভাজন গাড়ি, সিএনজি, মোটরসাইকেলের যাত্রীদের তল্লাশি করা হচ্ছিল। রাত ১২টার দিকে একটি সিএনজিকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজি ড্রাইভারসহ ৪ জনকে নামতে বলা হয়। ড্রাইভারসহ তিনজন নামলেও পেছনের সিটে থাকা একজন নামছিল না। এর মধ্যে আগে নামা দুই যাত্রী আচমকা ফাঁকা গুলি ছুড়ে দৌড়ে জাতীয় মানসিক হাসপাতালের দেয়াল টপকে ভেতরে ঢুকে যায়। এসময় সিএনজিতে থাকা ব্যক্তিও র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে একজন গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে জানা যায় তার নাম হানিফ মিয়া। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।








