রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফয়সাল আহমেদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে বনানীর সেতু ভবনের কাছে ট্রাফিক পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী ছিলেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আশপাশের লোকজন ফয়সালকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হবে।








