মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার মজুত প্রতিরোধে রাজধানীতে সাঁড়াশি অভিযান

আমানুর রহমান রনি
১১ মার্চ ২০২০, ০২:০৯আপডেট : ১১ মার্চ ২০২০, ০২:৫১

র‌্যাবের অভিযান মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার মজুত প্রতিরোধ ও মূল্য নিয়ন্ত্রণে রাজধানীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় একজনকে জেল এবং অর্ধশত প্রতিষ্ঠানকে ২৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের অপচেষ্টা প্রতিরোধে এই অভিযান টানা চলবে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মিটফোর্ড, শাহবাগ, গুলশান, বনানী, মহাখালী ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকার আশেপাশে অভিযান পরিচালনা করে ঢাকার দুই সিটি করপোরেশন, র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুর পুরান ঢাকার মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজা ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উচ্চদামে বিক্রি ও মজুত করে রাখার অপরাধে একজনকে জেল ও বিভিন্ন ফার্মেসিকে ১৬ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেন তিনি।
এসময় তপু অ্যাণ্ড ব্রাদার্সকে ২০ হাজার, দেওয়ান এন্টারপ্রাইজের এক ব্যক্তিকে একবছর জেল ও ৬ লাখ, আল ওয়ায়ী সার্জিক্যালকে ১ লাখ, মেসার্স লোকনাথ ড্রাগ হাউজকে ৭৫ হাজার, মা মেডিসিন হাউসকে দেড় লাখ, ওয়েব মেডিসিনকে তিন লাখ, আনোয়ার সার্জিক্যালকে দুই লাখ, এবং সার্জি গ্লো হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সারোয়ার আলম জানান, এসব প্রতিষ্ঠান বেশি দামে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছিল। তারা তাদের অপরাধ স্বীকার করেছে। এরপর তাদের দণ্ড দেওয়া হয়েছে। র‌্যাবের আরও একটি টিম রাজধানীর কলেজ গেট ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই টিমের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। অভিযানের সময় দেখা গেছে এই এলাকার বেশির ভাগ ফার্মেসির সামনেই লেখা রয়েছে ‘মাস্ক নেই’ । যদিও ফার্মেসিগুলোতে মজুত ছিল বিপুল পরিমাণ এসব পণ্য। মঙ্গলবার দুপুরে আকস্মিক অভিযানে নামে র‌্যাব-২।
র‌্যাবের অভিযান অভিযানে লাজফার্মাসহ ১১টি ফার্মেসিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলোর মধ্যে মোহাম্মদপুরের তাজমহল রোডের লাজ ফার্মাকে ২ লাখ, নরসিংদী ফার্মাকে ২ লাখ, মেডিকাসকে ২ লাখ, রয়েল ফার্মাকে ১ লাখ, ওষুধ বিতান ১ লাখ রোগ মুক্তি ফার্মাকে ১ লাখ, অজুয়া ফার্মেসিকে ৫০ হাজার, নাজ ফার্মাকে ৫০ হাজার টাকা, গ্রীন লাইফকে ১ লাখ টাকা, এসএইচ ফার্মাকে ৫০ হাজার এবং নিরাময় ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। অভিযানে ছিলেন ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক হারুন উর রশিদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, অভিযানে ফার্মেসিগুলোতে লেখা ছিল মাস্ক নেই। কিন্তু তাদের কাছে বিপুল পরিমাণ মাস্ক পাওয়া যায়। যেগুলো বেশি দামে বিক্রির জন্য মজুত করেছিল। অভিযানে নয়টি ফার্মেসিকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
লাজ ফার্মার বিষয়ে ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান জানান, অভিযানে গিয়ে দেখা যায় লাজ ফার্মা প্রতিটি মাস্ক পাঁচশ টাকা দামে বিক্রি করছে। কারণ হিসেবে তারা বলছে পর্যাপ্ত আমদানি না থাকা। কিন্তু তাদের স্টোরে পর্যাপ্ত মাস্ক মজুত ছিল। এই অভিযোগে তাদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাবের অভিযানের পর ৮৫ টাকা করে প্রতিটি মাস্ক বিক্রি শুরু হয়।
অপরদিকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এর মূল্য নিয়ন্ত্রণে গুলশান-১ ও ২, বনানী এবং মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় অধিক মূল্যে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করায় ৩টি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়াও মঙ্গলবার সকালে মহানগরীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আশপাশে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় অতিরিক্ত দামে স্যানিটাইজার জাতীয় পণ্য বিক্রি করায় তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ডিএসসিসি’র অঞ্চল-১ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
মিজানুর রহমান বলেন,‘অভিযানের শুরুতে আমরা ৪-৫ জন সাধারণ মানুষকে হ্যান্ড স্যানিটাইজার জাতীয় পণ্য কেনার জন্য পাঠাই। কিন্তু দোকানিরা তাদেরকে জানায় সেগুলো নেই। নিতে হলে দাম বেশি দিতে হবে। পরে আমরা ওই সব দোকানের গোডাউনে অভিযান শুরু করি। একপর্যায়ে প্রায় প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজার দেখতে পাই। পরে তিনটি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা এবং বাকি দোকানগুলোকে ন্যায্য দামে সেগুলো বিক্রি করতে নির্দেশ দেই।
র‌্যাব, সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মঙ্গলবার দুপুরে গুলশানে অভিযান পরিচালনা করেছেন। অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযানের নেতৃত্ব দেন। এসময় কোনও ফার্মেসিতে মাস্ক পায়নি অধিদফতরের দলটি। পরবর্তীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার জন্য তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘আমাদের অভিযান প্রতিদিন চলবে। মুনফালোভীদের কোনও সুযোগ দেওয়া হবে না।’

/এমআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম