করোনাভাইরাস সংক্রমণের সতর্কতা হিসেবে আদালতের কার্যক্রম সীমিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইন সমিতি। অন্তত দুই সপ্তাহের জন্য শুধু ম্যাজিস্ট্রেট আদালত চালু রেখে বাকি সব কার্যক্রম মুলতবি করতে প্রধান বিচরপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২১ মার্চ) আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক কেশব রায় চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম সীমিত করায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ। কিন্তু দেশের অধস্তন আদালতে প্রতিদিন বহু লোকের সমাগম হয়। ঢাকা ও চট্টগ্রামের অধস্তন আদালতে প্রতিদিন প্রায় কয়েক লাখ লোক আসে। যা এই মুহূর্তে আদালত সংশ্লিষ্ট সকলের জন্যই উদ্বেগের বিষয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু ম্যাজিস্ট্রেট আদালতগুলোর জামিন ও রিমান্ড শুনানির মতো অপরিহার্য বিষয়গুলো সীমিত আকারে অধস্তন আদালতে চলতে পারে। অবশিষ্ট সব কার্যক্রম মুলতবি রাখার জন্য প্রধান বিচরপতির কাছে অনুরোধ ও আহ্বান জানাচ্ছি।








