রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোহেল হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, সোহেলের বিরুদ্ধে খুন ও মাদকসহ ডজনখানেক মামলা রয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
ওসি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সোহেল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল ফরিদপুরের ভাঙ্গা থানার সুরুজ হাওলাদারের ছেলে।








