করোনাভাইরাসের কারণে আইনজীবীদের একমাত্র কর্মস্থল আদালত বন্ধ। ফলে আর্থিকভাবে বিপাকে পড়ছেন অনেক আইনজীবীরা। এ অবস্থায় ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজার ২০৯ সদস্যকে বিনা সুদে দুই বছর মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।
সোমবার (১৩ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সভাপতি ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বারের সকল আইনজীবীদের দুই বছর মেয়াদি বিনা সুদে ঋণ দেওয়া হবে। আর এ ঋণের জন্য আগামী ২০ এপ্রিলের মধ্যে ঢাকা বারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তিনি আরও বলেন, আবেদনের পর আমরা দেখব কতজন সদস্য ঋণের জন্য আবেদন করেছেন। এরপরই সিদ্ধান্ত নেবো কত টাকা করে দেওয়া যায়।








