রেড জোন এলাকায় অবস্থিত অধস্তন আদালত সমূহ এবং সেখানে বসবাসরত আদালতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত রেড জোনে অবস্থিত অধস্তন আদালত সমূহ এবং সেখানে বসবাসকারী অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। সাধারণ ছুটিকালে আদালতের কোনও কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সাংবিধানিক বাধ্যবাধকতায় রেড জোন সহ দেশের প্রত্যেকটি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার জন্য একাধিক ম্যাজিস্ট্রেট কর্তব্যরত থাকবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে করোনা আক্রান্তের হার বিবেচনা করে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করা হয়। পরবর্তীতে রেড জোন এলাকায় লকডাউন ঘোষণা করা হয়। এদিকে সোমবার (১৫ জুন) রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ।








