লিবিয়ায় বাংলাদেশি হত্যা ও মানবপাচারের ঘটনায় দায়ের করা মামলায় দুই মানবপাচারকারীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড প্রাপ্ত আসামিরা হলেন, কবির হোসেন ও নাছির উদ্দিন।
বুধবার (১৭ জুন) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই দিন পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গফফারুল আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হন। ওই ঘটনায় ৩৮ জনকে আসামি করে গত ২ জুন রাজধানীর পল্টন থানায় একটি মামলা করে সিআইডি। এরপর এই ঘটনায় দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়।








