জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পর কুমিল্লার দাউদকান্দি মহাসড়ক থেকে ছিনতাই হওয়া গরুভর্তি একটি ট্রাক উদ্ধার করেছে মিরপুর হাইওয়ে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে দিদার নামে একজন গরু ব্যবসায়ী কুমিল্লার দাউদকান্দি ব্রিজের কাছাকাছি শহীদনগর থেকে কল করেন।
তিনি জানান, ট্রাকে করে গরু নিয়ে চাঁদপুরের কচুয়ার দিকে যাওয়ার পথে আরেকটি ট্রাক তাদের গতিরোধ করে। এরপর দেশীয় অস্ত্র নিয়ে ৮ থেকে ১০ জন ডাকাত তাদের ট্রাকের ওপর হামলা চালায়। হেলপারকে কুপিয়ে আহত করেছে তারা। ডাকাতরা তাদের ট্রাক থেকে নামিয়ে দেয়। এরপর ট্রাক নিয়ে ডাকাতরা সিলেটের দিকে চলে যায়। ট্রাকটিতে জিপিএস লাগানো থাকায় এর মালিক গতিপথ জানতে পারছিলেন।
গরু ব্যবসায়ী দিদার ৯৯৯-এর কর্তব্যরত পুলিশ সদস্যকে গরুভর্তি ট্রাকটি উদ্ধারের অনুরোধ জানান। হটলাইন থেকে দিদারকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। দাউদকান্দি হাইওয়ে থানা বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। তারা ট্রাক মালিকের দেওয়া তথ্য অনুযায়ী জানতে পারে ট্রাকটি কুমিল্লা-সিলেট মহাসড়ক ধরে যাচ্ছে। তখন পুলিশ বিষয়টি মিরপুর হাইওয়ে থানাকে জানায়। এরপর ওই থানার পুলিশ ভোররাত চারটা থেকে আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে দেয়। সব ট্রাক তল্লাশি শুরু করে তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বেতার বার্তায় সকল মহাসড়কে ট্রাক ছিনতাইয়ের ঘটনাটি জানানো হয়। এরপর মহাসড়কে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়। জিপিএস সিস্টেমের তথ্য অনুযায়ী ট্রাকটিকে হাইওয়ে পুলিশ খুঁজতে শুরু করে। এদিকে ডাকাতরা টের পেয়ে যায় পুলিশ তাদের অনুসরণ করছে। তারা কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মিরপুর হাইওয়ে থানার চেকপোস্টের তৎপরতা দেখতে পায়। এরপর চেকপোস্টের দূরে ট্রাকটি ফেলে রেখে ডাকাতরা পালায়।
তিনি আরও জানান, ট্রাকে ১৫টি গরু ছিল। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। প্রথমে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মালিককে হস্তান্তর করা হয়। ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








