রাজধানীর মিরপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি। করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রহিজ উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৫ আগস্ট রাতে কল্যাণপুরের একটি স্কুলের পেছনে এই ধর্ষণের ঘটনা ঘটে। তরুণী তাদের বস্তির বাসা থেকে বের হয়ে অপর এক তরুণীর সঙ্গে একটি চটপটির দোকানে যায়। সেখান থেকে বাসায় ফিরার পথে জনি নামের (২৫) এক যুবক তাকে স্থানীয় একটি স্কুলের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় এক যুবক জনির সঙ্গে ছিল। সারারাত ওই তরুণীকে সেখানে আটকে রাখে। পরে ১৬ আগস্ট তাকে ছেড়ে দেয়। ওই তরুণী তার বড় বোনের কাছে বিষয়টি জানায়। এরপর তারা থানায় যায়।
এসআই জানান, ১৭ আগস্ট ওই তরুণী থানায় অভিযোগ করেন। পরে আমরা অভিযান চালিয়ে রাতেই জনিকে গ্রেফতার করি। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। ভিকটিমকে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়েছে।
ভিকটিমের বড় বোন জানান, তাদের বাবা মা উভয় মারা গেছেন। তারা কল্যাণপুরের একই বস্তিতে থাকেন।








