প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ পোস্টকারী সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) তলব আদেশের পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে হাজির হয়ে ক্ষমা চান তিনি। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ আগস্ট দিন নির্ধারণ করেন।
আদালতে মামুন মাহবুবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আদালতকে জানান, ফেসবুক থেকে ইতোমধ্যে সেই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
এর আগে বিষয়টি নজরে আনার পর গত ১২ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছিলেন।
ফেসবুকের বিষয়টি আদালতের নজরে আনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তলবের পাশাপাশি মন্তব্যের কারণে তার বিরুদ্ধে ওই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছিলেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট ওই আইনজীবী তার ফেসবুক অ্যাকাউন্টে মাত্র ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে আদালত খোলা এবং আদালতের স্বাস্থ্যবিধি নিয়ে বিরূপ পোস্ট দেন।







