ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভুয়া নিয়োগপত্র নিয়ে যোগদান করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এহসান নামের এক চাকরি প্রত্যাশী। এই ঘটনায় এহসানে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা করায় আরও একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘ঘটনা সত্য। ভুয়া নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগ দিতে এসেছিল এহসান আহামেদ নামে এক যুবক। আমরা তাকে পুলিশে দিয়েছি। পুলিশ এহসান আহমেদকে তাদের হেফাজত নেয়। জিজ্ঞাসাবাদে যাদের নাম এসেছে তাদেরকে আটক করেছে পুলিশ।
একটি জালিয়াত চক্র এই ছেলেটির কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়েছিল বলে জানান ঢামেকের এই কর্মকর্তা।








