আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দের বিষয়ে সোমবার (১২ অক্টোবর) রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রবিবার (১১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এসময় আগের তলবকৃত আদেশের পরিপ্রেক্ষিতে হাজির হয়েছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এসময় আরও যুক্ত ছিলেন, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্রাকটিস করা থেকে অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একইসঙ্গে রবিবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তার স্ট্যাটাসটি ফেসবুক থেকে মুছে দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত।
ওই আইনজীবীর স্ট্যাটাস আদালতের নজরে আনার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। স্ট্যাটাসটি আদালতের নজরে আনেন তৎকালীন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।







