ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের ফের পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। রবিবার (১ নভেম্বর) ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় তিন দিনের রিমান্ড শেষে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে হাজির করে পুলিশ।
বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নির্বাচন কর্মকর্তা আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার (২৬ অক্টোবর) ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। মামলায় ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে আসামি করা হয়। ইতোমধ্যে দীপুকে তিন দিন ও মিজানুরকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ওই মামলায় ২৬ অক্টোবর র্যাব পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ইরফান সেলিম ও জাহিদকে র্যাব হেফাজতে নেওয়া হয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেন। তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।








